২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৪:৪২:৪৮ অপরাহ্ন
রাজশাহীর দুর্গাপুরে শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৬
রাজশাহীর দুর্গাপুরে শিক্ষিকাকে জুতাপেটা, বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি পরীক্ষা চলাকালীন শিক্ষিকাকে জুতাপেটা, শিক্ষকদের ওপর হামলা ও অফিস কক্ষ ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।


 


ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন ১৪৪ ধারা উপেক্ষা করে স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তাঁর অনুসারীরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। তাঁরা কলেজের পূর্বের আয়-ব্যয়ের হিসাব চাওয়া নিয়ে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি চরম সহিংসতায় রূপ নেয়। অভিযোগ উঠেছে, প্রতিবাদ করায় প্রভাষক আলেয়া খাতুন হীরাকে জুতাপেটা করা হয় এবং অধ্যক্ষসহ আরও কয়েকজন শিক্ষকের ওপর হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়। হামলার সময় অফিস কক্ষে ব্যাপক ভাঙচুরও চালায় দুর্বৃত্তরা।


 


আহতদের মধ্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা এবং অধ্যাপক রেজাউল করিম আলমসহ পাঁচজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষিকা আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, হিসাব চাওয়ার আড়ালে মূলত দীর্ঘদিন ধরে কলেজে চাঁদা দাবি করা হচ্ছিল। অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তিনি এই ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন।


 


অন্যদিকে, বহিষ্কৃত নেতা আকবর আলী দাবি করেছেন, শিক্ষকরাই প্রথমে তাঁদের ওপর হামলা চালিয়েছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বিএনপি তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে। দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, পরীক্ষা চলাকালে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন