২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, ০৭:৫৩:৩৮ অপরাহ্ন
দুর্গাপুরে এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ২৪-০৪-২০২৬
দুর্গাপুরে এনজিও কর্মীকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই


রাজশাহীর দুর্গাপুরে ছিনতাইকারীর চাপাতির আঘাতে এক এনজিওকর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় তার সহকর্মীর কাছ থেকে কিস্তির প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার নান্দোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহিনুর রহমান (২৯) বীজ এনজিও’র ফিল্ড অফিসার। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ থানার বুড়িগঞ্জ এলাকার শাহজাহানের ছেলে। তিনি দুর্গাপুর শাখায় কর্মরত রয়েছেন। তার সাথে থাকা সহকর্মী মনিরা ঘটনাস্থলে ছিলেন।

জানা যায়, এনজিও’র দায়িত্ব পালনকালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় শাহিনুর ও সহকর্মী মনিরা উপজেলার নান্দোপাড়া ধানের মিলের প্রায় ২০০ গজ দক্ষিণে পাকা সড়কের ওপর অবস্থান নেন। সেইসাথে তারা দুর্গাপুর ব্রাঞ্চ অফিসে তেল আনার জন্য যোগাযোগ করেন। এ সময় একটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেখানে এসে তাদের ছবি তুলতে থাকে। ছবি তোলায় আপত্তি জানালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলের ব্যাগ থেকে চাপাতি বের করে শাহিনুর রহমানের ডান হাতের বাহু ও বাম হাতের আঙুলে আঘাত করে গুরুতর জখম করে। পরে ছিনতাইকারীরা সহকর্মী মনিরার কাছে থাকা কিস্তির সংগ্রহ করা আনুমানিক এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত শাহিনুর রহমানকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত এনজিওকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাই বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন