০৫ এপ্রিল ২০২৬, রবিবার, ০৩:৩৭:০৬ অপরাহ্ন
জ্বর বা অসুস্থ শিশুদের আপাতত হাম-রুবেলার টিকা না দেওয়ার পরামর্শ
  • আপডেট করা হয়েছে : ০৪-০৪-২০২৬
জ্বর বা অসুস্থ শিশুদের আপাতত হাম-রুবেলার টিকা না দেওয়ার পরামর্শ

জ্বর বা অন্য কোনো অসুস্থতায় ভোগা শিশুদের আপাতত হাম-রুবেলা টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।


তিনি জানান, রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় সকাল ৯টা থেকে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে এই টিকা প্রদান করা হবে।


মন্ত্রী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ধাপে নির্বাচিত উপজেলাগুলোতে কার্যক্রম পরিচালিত হবে এবং পাঁচটি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থাকবেন। অন্যান্য স্থানে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা তদারকি করবেন।


স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই বয়সসীমার সব শিশুকেই টিকার আওতায় আনা হবে—আগে টিকা নেওয়া থাকুক বা না থাকুক। মন্ত্রীর ভাষ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে প্রায় ৮২ শতাংশই ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, টিকাদান কর্মসূচির পাশাপাশি জ্বরগ্রস্ত বা আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। তবে সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না।


প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্র, স্কুল ও কমিউনিটি সেন্টারে এই কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা হবে এবং জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত কর্মসূচির অংশ হয়ে উঠবে বলে জানান তিনি।


সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস.এম জিয়াউদ্দিন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস প্রমুখ।


শেয়ার করুন