নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী ও পরিবারের নামে থাকা দুটি হোটেল ও জমিসহ পাঁচতলা মার্কেট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তার ছেলে মাহতাব আলীর নামে থাকা একটি ব্যাংক হিসাবের ছয় কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ আলীর পরিবারের অন্য সদস্যরা হলেন— তার স্ত্রী আয়েশা ফেরদৌস, ছেলে আশিক আলী, মাহতাব আলী ও মেয়ে সুমাইয়া আলী ঈশিতা।
এদিন দুদকের উপপরিচালক মো. সিফাত উদ্দিন তাদের নামে থাকা হোটেল ঈশিতা ও হোটেল ঈশিতা-২ নামের দুটি হোটেল জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদন উল্লেখ করা হয়, অভিযোগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত হায় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখায় প্রাথমিক প্রমাণ পাওয়া যায়। তারা স্থাবর, অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করায় প্রচেষ্টায় রয়েছেন।
অপরাধলদ্ধ আয়ের মাধ্যমে অর্জিত বর্ণিত সম্পদ/সম্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য মানিলন্ডারিং আইনের ১৪ মতে স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা প্রয়োজন।

