১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি
  • আপডেট করা হয়েছে : ১০-০৯-২০২৬
এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ তিন হাজারের বেশি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। 


আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।


একইসঙ্গে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন। খাতায় নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। আর জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা বলেন, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা সকাল ১০টার পর থেকে ওয়েবসাইটে তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে তাদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল পাঠিয়ে দেওয়া হবে।


কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেল


সাধারণ বোর্ডগুলোর মধ্যে নতুন করে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় শীর্ষে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ শিক্ষা বোর্ডে নতুন করে ৯০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


দ্বিতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। ময়মনসিংহে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দিনাজপুরে ২৭৫ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।


কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন, যশোরে ১৮২ জন, সিলেটে ১২১ জন, বরিশালে ১১২ জন, চট্টগ্রামে ৮৩ জন, রাজশাহীতে ৭৭ জন।


অন্যদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাসের সংখ্যা ৪৬ জন।


কোন বোর্ডে কতজন ফেল থেকে পাস


প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফেল থেকে পাস করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে মোট ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে।


ফেল থেকে পাসের তালিকায় দ্বিতীয় অবস্থানে দিনাজপুর বোর্ড। এ শিক্ষা বোর্ডে ৮৬৭ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। তৃতীয় অবস্থানে থাকা যশোর বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন।


সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন, রাজশাহী বোর্ডে ১১১ জন, কুমিল্লায় ৩৩৬ জন, চট্টগ্রামে ১৯০ জন, বরিশালে ৭৯ জন, সিলেটে ১৮৬ জন।


অন্যদিকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ২৫৫ জন। আর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাসের সংখ্যা ৬৬৪ জন।


বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের আবেদন করে।


ফল জানবেন যেভাবে 


আবেদনকারীরা ৩ উপায়ে ফল জানতে পারবেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হয়েছে। এছাড়া নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এ জন্য আবেদনকারীদের https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে হবে।


এর আগে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। 


শেয়ার করুন