০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১২:৩০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রফিকুল ইসলাম
  • আপডেট করা হয়েছে : ০৮-০৯-২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য রফিকুল ইসলাম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সরদার। তিনি এনিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। 


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। 


সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ- যেটি আগে হবে, সে সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।


উল্লেখ্য, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার সম্প্রতি মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬’ (স্বর্ণপদক)’ অর্জন করেন । তিনি ২০২৪ সাল থেকে বাকৃবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।


শেয়ার করুন