শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, বিএনপির অস্থায়ী ক্যাম্পে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া নাওডোবা গোলচত্বরে ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করা হয়।
রোববার (২৯ নভেম্বর) সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারনে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থল ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের কমপক্ষে ২৫টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্টে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ, বিএনপির ক্যাম্পে ভাঙচুর ও অগ্নিসংযোগ
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম কেউ পদ্মা সেতুতে যানচলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার প্রেক্ষিতে আমরা সারারাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিলো। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনধরনের প্রানহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যানচলাচল বন্ধ ছিলো। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

