সতর্কতামূলক গুলির মুখে পড়ে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের বরাতে ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সামুদ্রিক নিয়ম লঙ্ঘনকারী জলযানগুলোকে আকাশপথ থেকে নিরাপত্তা দেওয়ার সময় এফ-১৬ যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার কাছাকাছি আসে। এরপর আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স পরিচালিত একটি নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যুদ্ধবিমানটি সতর্কতামূলক গুলির মুখে পড়ে। তীব্র কৌশলের মাধ্যমে এটি দিক পরিবর্তন করে দেশের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।
হরমুজ প্রণালির মধ্য দিয়ে সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণকারী বিধিবিধান এড়ানোর যেকোনো প্রচেষ্টা অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে আইআরজিসি। তারা আরও বলেছে, নিয়ম লঙ্ঘন অব্যাহত থাকলে লঙ্ঘনকারী এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
মার্কিন সামরিক কমান্ডারদের সতর্ক করে আইআরজিসি বলেছে, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি লাল রেখা। মার্কিন যুদ্ধবিমানের পুনরাবৃত্ত অনুপ্রবেশ বা ধারাবাহিক লঙ্ঘনের জবাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলে তারা জোর দিয়েছে। আইআরজিসির মতে, এমন প্রতিক্রিয়ায় তাদের পরিণতি আগে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোনগুলোর মতো হতে পারে।
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক আগ্রাসনের পর গত ফেব্রুয়ারিতে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান এবং ঘোষণা দেয় যে এই কৌশলগত জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় প্রয়োজন।
সূত্র: ফার্স নিউজ

