২৫ নভেম্বর ২০২৬, বুধবার, ০৭:৫৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
মজুরি ঘোষণার পরও পোশাক শ্রমিকদের মহাসড়ক অ`ব`রো`ধ, সং`ঘ`র্ষ
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২৬
মজুরি ঘোষণার পরও পোশাক শ্রমিকদের মহাসড়ক অ`ব`রো`ধ, সং`ঘ`র্ষ

টঙ্গীর গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়েছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। শ্রমিক আন্দোলনের কারণে ২০টি কারখানা ছুটি হয়ে গেছে। বন্ধ রয়েছে ৩১টি কারখানা। 


বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়।


এরআগে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর শুরু হওয়া এ বৈঠক গড়ায় ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। দীর্ঘদিনের দাবি, আন্দোলন আর দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পান পোশাকশিল্পের শ্রমিকরা। 


নতুন মজুরি ঘোষণার মধ্যেই গাজীপুরা এলাকায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল আটটটার পর থেকে শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্নভাবে অবস্থান নেন। সকাল সাড়ে নয়টার দিকে বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের  ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ অবস্থায় মহাসড়ক বন্ধ হয়ে যায়। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ছিল।


এদিকে শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে গেছে। স্বল্প দূরত্বের যানবাহন ছোট ছোট শাখা সড়কে প্রবেশ করে যানজট তৈরি করছে। 


গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেন বলেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সমস্যা হচ্ছে। যানবাহন ধীরগতিতে চলছে। আমরা সমস্যা সমাধান করে মহাসড়কগুলো স্বচ্ছল রাখার চেষ্টা করছি। 


গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন যুগান্তরকে বলেন, শ্রমিক আন্দোলনের কারণে আজ এলাকায় ২০টি গার্মেন্টস ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ৩১টি গার্মেন্টস বন্ধ হয়েছে।


গতকাল সভা শেষে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এ ২১ হাজার ৫০০, গ্রেড-২-এ ২০ হাজার এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন মজুরি। এই তিনটি গ্রেডে সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। তবে, সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ‘গ্রেড-৪’ নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত হয়। ছয় সদস্যের মধ্যে চার ভোট পড়ে ১৭ হাজার টাকার পক্ষে, আর ১৮ হাজার টাকার পক্ষে পড়ে দুটি ভোট। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ‘গ্রেড-৪’-এ মজুরি নির্ধারণ করা হয় ১৭ হাজার টাকা।


নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। তবে দ্রুততম সময়ে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তিনি।


মালিকপক্ষ বলছে, শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত এসেছে। অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে পোশাকশিল্পকে টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দেন তারা।


বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো। দ্রুতই প্রকাশ করা হবে প্রজ্ঞাপন। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ কমে আসবে, স্বাভাবিক হবে উৎপাদন কার্যক্রম।




শেয়ার করুন