২৩ নভেম্বর ২০২৬, সোমবার, ০৫:০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হলো এনসিপির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদী শক্তির আস্ফালন, গঙ্গা চুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।



সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির একটি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।


তিনি জানান, প্রধানমন্ত্রী জুলাই এবং ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক জায়গায় আসতে বলেছেন। এনসিপি তার সঙ্গে সংস্কারকে যুক্ত করতে বলেছে।


তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়েছে। ধারাবাহিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস করছে। দেশের পরিস্থিতি কীভাবে উত্তোরণ ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।


এনসিপির শীর্ষ এই নেতা বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।


বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে। এছাড়া পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ।


তিনি বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জানিয়েছে এনসিপি।


এনসিপির দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান নাহিদ।


নাহিদ আরও বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়। ভূখণ্ডের বিষয়। এখন ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।




শেয়ার করুন