১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০:২৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী ওষুধ সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৭-১১-২০২৬
আরএমপি কমিশনারের সঙ্গে রাজশাহী ওষুধ সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী ওষুধ সমিতির প্রতিনিধিদল। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় আরএমপির সম্মেলনকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী ওষুধ সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ হারুনুর রশিদ ও সহসভাপতি শামীম চৌধুরীসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সমিতির নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সুযোগ-সুবিধা, ব্যবসায়িক সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়গুলো পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন। পুলিশ কমিশনার অত্যন্ত আন্তরিকতা ও ধৈর্যের সঙ্গে তাঁদের প্রতিটি বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি উত্থাপিত যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। কমিশনারের এমন আন্তরিক ও ইতিবাচক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন ওষুধ সমিতির নেতৃবৃন্দ। তাঁরা বলেন, পুলিশ কমিশনারের এই সহযোগিতামূলক মনোভাব ওষুধ ব্যবসায়ীদের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরিয়ে এনেছে। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, আমদানি নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি আরও বলেন, সম্প্রতি একজন ফার্মেসি কর্মচারীকে মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন। কমিশনার দৃঢ় কণ্ঠে বলেন, কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাঁর এই কঠোর ও স্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছে ওষুধ সমিতির নেতৃবৃন্দ। তাঁরা মনে করেন, কমিশনারের নেতৃত্বে রাজশাহীতে ভেজাল ও নিষিদ্ধ ওষুধের বিরুদ্ধে কার্যকর অভিযান আরও জোরদার হবে। সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. মনিরুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপস অ্যান্ড প্রসিকিউশন) মো. দেলোয়ার হোসেনসহ রাজশাহী ওষুধ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় শেষ হয়। ভবিষ্যতে ওষুধ ব্যবসায় স্বচ্ছতা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সমিতি একসঙ্গে কাজ করবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।



শেয়ার করুন