০৭ জুলাই ২০২৬, মঙ্গলবার, ০৪:৫৭:৩৩ অপরাহ্ন
এক বছরের শিশু কামড়ে মেরে ফেলল গোখরো সাপের বাচ্চা
  • আপডেট করা হয়েছে : ০৭-০৬-২০২২
এক বছরের শিশু কামড়ে মেরে ফেলল গোখরো সাপের বাচ্চা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় শিশু জান্নাতুল ফেরদৌস নামে ১ বছরের শিশুর কামড়ে বিষধর গোখরো সাপের বাচ্চা মারা গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এমনি অবাক করা ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায়। সৌভাগ্যক্রমে শিশুটিও সুস্থ আছে।

শিশু জান্নাতুল ফেরদৌস একই গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে।

শিশু জান্নাতুলের মা শিলা খাতুন জানান, সকালে চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলছিল জান্নাতুল। একপর্যায়ে খেলতে খেলতে দুজনেই খাটের নিচে চলে যায়। এ সময় খাটের নিচে থাকা একটি গোখরো (জাত) সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে দুই জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চাসহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশু জান্নাতুল। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাপের বাচ্চাটি মারা গেছে। সেটি চিকিৎসকে দেখানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু জান্নাতুলকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হয়। ৪ ঘণ্টা পর তার শরীরে কোনো বিষক্রিয়ার লক্ষণ না পাওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

শেয়ার করুন