মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ডিসেম্বরের আগে দেশটিত কর্মী পাঠানো শুরুর কথা জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
মালয়েশিয়ায় বিনা ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম সম্পর্কে বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাশেদুল হক বলেন, আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদেরকে বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে একদিন দুইদিন দেরি হয় সেটা ভিন্ন ইস্যু। কিন্তু চাইছি ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক।
বোয়েসেল-এর মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে অধিক কর্মসংস্থানের লক্ষ্যে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে জানান, গত ২ নভেম্বর ২০২৬ তারিখে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায় এবং এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে সর্বমোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
তিনি আরও জানান, পরে সমান সুযোগ ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে দুটি পদে মোট ৩০০ জন কর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়, যার মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
রাশেদুল হক জানান, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাইয়ের মাধ্যমে ১১২ জন কর্মী চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন, যারা আজ ১২ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবেন।
তিনি বলেন, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এবং নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত প্রার্থীরা চূড়ান্ত বলে গণ্য হবেন।
ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, এই নিয়োগ কার্যক্রমটি সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসন সংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে এবং বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর কাছ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ গ্রহণ করবে না অর্থাৎ শূন্য মানে শূন্য।
তিনি বলেন, নিয়োগের কোনো পর্যায়ে কোনো দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের লক্ষ্য হলো অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, সেটিই এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।