দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
খসড়া অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭০ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে ২৪ দিন, ঈদুল আজহায় ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটি রাখা হয়েছে। এছাড়া দুর্গাপূজায় তিনদিন ও প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিন ছুটি থাকছে।
প্রস্তাবিত তালিকা বিশ্লেষণে দেখা গেছে, ২০২৭ সালে সবচেয়ে বেশি ছুটি রাখা হয়েছে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ সময়ে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ২৪ দিন ছুটি গণনা করা হয়েছে।
দীর্ঘ এ ছুটির মধ্যে শ্রী শ্রী সরস্বতী পূজা (১১ ফেব্রুয়ারি), মাঘী পূর্ণিমা (২০ ফেব্রুয়ারি), শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি), জামাতুল বিদা (৫ মার্চ), শ্রী শ্রী শিবরাত্রি (৬ মার্চ), শবে কদর (৭ মার্চ) এবং ঈদুল ফিতর (১০ মার্চ) অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত ছুটি রাখা হয়েছে। এ সময় সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ১০ দিন ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা। এর মধ্যে ১৯ মে বুদ্ধ পূর্ণিমাও রয়েছে।
বছরের শেষ দিকে শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ১৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে মোট ১১ দিন ছুটি গণনা করা হয়েছে।
অন্যান্য ছুটির তালিকা: খসড়া অনুযায়ী, ২০২৭ সালের ৬ জানুয়ারি শবে মেরাজ এবং ২৪ জানুয়ারি শবে বরাত উপলক্ষে একদিন করে ছুটি থাকবে।
মার্চে ২২ তারিখ শুভ দোলযাত্রা এবং ২৮ মার্চ ইস্টার সানডে উপলক্ষে একদিন করে ছুটি রাখা হয়েছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস শুক্রবার হওয়ায় এ উপলক্ষে আলাদা ছুটি গণনা করা হয়নি।