বকেয়াসহ বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা, পাননি যারা


, আপডেট করা হয়েছে : 01-11-2026

বকেয়াসহ বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা, পাননি যারা

নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। আজ রোববার (১ নভেম্বর) বেতনের সঙ্গে গত তিন মাসের বকেয়াও বুঝে পেয়েছেন তারা।



তবে আজ প্রথম দিনেই সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এই বেতন ও বকেয়া পাননি। শুধু যাঁরা গত ২৫ অক্টোবর পর্যন্ত বেতন নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন, তাঁরাই আজ অর্থ পেয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাকিরা যথাসময়ে বেতন নির্ধারণ করতে না পারায় আজ বেতন পাননি। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁরাও এই সুবিধা পেয়ে যাবেন।


আজ সকালে অনেক সরকারি কর্মচারী মুঠোফোনে বেতন ও বকেয়া জমা হওয়ার বার্তা পান। তাঁরা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বাড়তি বেতনের বকেয়া টাকা পেয়েছেন।


এর আগে গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। এই নতুন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।


অনুমোদিত কাঠামো অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ পাচ্ছেন। অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাচ্ছেন ৫০ শতাংশ। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তা ৭৫ শতাংশে উন্নীত হবে। একই বছরের ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার