ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মস্কো এমন কোনো সংঘাত চায় না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলার পর পুতিন এ কথা বলেন।
তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া পদক্ষেপকে সমর্থন করেন তিনি।
তবে একই সঙ্গে সতর্ক করে পুতিন বলেন, ইউরোপের সঙ্গে উত্তেজনা যদি যুদ্ধের পর্যায়ে পৌঁছায়, তাহলে এতে কোনো পক্ষই বিজয়ী হবে না।
তিনি বলেন, ‘আমরা প্রস্তুত, কিন্তু ইউরোপের সঙ্গে কোনো যুদ্ধ চাই না। তবে তাদের কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে তারা তা নিতে পারে।’
২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমা দেশগুলো। তাদের এমন তৎপরতার পরিপ্রেক্ষিতেই এ মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে একই ধরনের অবস্থান জানিয়ে পুতিন বলেছিলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করছি না। তবে ইউরোপ যদি হঠাৎ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তা শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’
পুতিন বলেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে পশ্চিমারা।