মিরপুরে সাদমানের দুর্দান্ত সেঞ্চুরি


, আপডেট করা হয়েছে : 29-10-2026

মিরপুরে সাদমানের দুর্দান্ত সেঞ্চুরি

রাত পেরিয়ে নতুন সকাল, অবশেষে অপেক্ষার অবসান। মিরপুর টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকা এই বাঁহাতি ওপেনার দ্বিতীয় দিনের শুরুতেই পূর্ণ করেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনের দ্বিতীয় বলেই দুই রান নিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি।


২২১ বলে সেঞ্চুরি পূর্ণ করতে সাদমান মেরেছেন ১০টি চার। প্রায় আট বছরের টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় শতক। এর আগে ২০২১ সালে হারারে এবং ২০২৫ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এই ওপেনার।


সাদমানের এই শতক কেবল ব্যক্তিগত মাইলফলক নয়, সাম্প্রতিক সময়ের ব্যাটিং-সংকট কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও বড় উপলক্ষ। সর্বশেষ সেঞ্চুরির পর ১৭টি ইনিংস পেরিয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই শতক তাই টেস্ট দলে নিজের সামর্থ্য প্রমাণেরও গুরুত্বপূর্ণ সুযোগ।


ইনিংসজুড়ে সাদমানের ব্যাটিংয়ে ছিল ধৈর্য ও মনোযোগের ছাপ। আগের দিন ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ইনিংসে ২০০ বল খেলার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনেও সেই দৃঢ়তা ধরে রাখেন। দিনের শুরুতে জশুয়া বিশপের প্রথম বলটি লেগ স্টাম্পে পেয়ে ফ্লিক করতে চেয়েও ব্যর্থ হন। পরের বলেই পিছিয়ে গিয়ে লেগ সাইডে ঠেলে দেন বল। দৌড়ে দুই রান নিয়ে পূর্ণ করেন বহুল প্রতীক্ষিত সেঞ্চুরি।


এই ইনিংসের মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তামিম ইকবালের পর দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাদমান। এত দিন এই অবস্থানে ছিলেন জাভেদ ওমর। ৪০ টেস্টে ১ হাজার ৬৭৮ রান করা সাবেক এই ওপেনারকে পেছনে ফেলেছেন ৩১ বছর বয়সী সাদমান।


মিরপুর টেস্ট শুরুর আগে ৩১ ম্যাচের ৫৯ ইনিংসে সাদমানের সংগ্রহ ছিল ১ হাজার ৫৭৮ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে তাঁর রান বেড়ে নতুন মাইলফলকে পৌঁছেছে। এই তালিকার শীর্ষে রয়েছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে তাঁর সংগ্রহ ৫ হাজার ৯৫ রান।


সেঞ্চুরির সংখ্যার হিসাবেও ওপেনারদের মধ্যে তামিমের পরের অবস্থানে রয়েছেন সাদমান। তামিমের ১০টি টেস্ট সেঞ্চুরির পর দুই শতকের মালিক ছিলেন মাহমুদুল হাসান জয়, ইমরুল কায়েস ও সাদমান। ক্যারিবীয়দের বিপক্ষে নিজের তৃতীয় শতক তুলে নিয়ে জয় ও ইমরুলকে ছাড়িয়ে গেছেন তিনি।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদমানের ব্যাটিং পরিসংখ্যানও উল্লেখযোগ্য। ক্যারিবীয়দের বিপক্ষে ছয় ইনিংসে তিনটি ফিফটির পাশাপাশি একটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। ফলে প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের ধারাবাহিকতার আরেকটি প্রমাণ রাখলেন এই ওপেনার।


প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ৭৮.১ ওভারে ৫ উইকেটে ২২১ রান। তবে স্কোরবোর্ডের হিসাব ছাপিয়ে দিনের বড় গল্প সাদমানের সেঞ্চুরি। যে শেষ এক রানের জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছিল পুরো একটি রাত, সেই রানই এনে দিল ব্যক্তিগত তৃপ্তি ও ক্যারিয়ারের স্মরণীয় এক অর্জন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার