সাইবার জগতে প্রতারণা ও জনগণের ব্যক্তিগত তথ্য পাচারের বিরুদ্ধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ এর চৌকস অভিযানে নওগাঁর মান্দা থেকে এক পেশাদার তথ্য পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের এই সফল অভিযানে একটি বড় সাইবার অপরাধ চক্রের নেটওয়ার্ক ভেঙে পড়েছে।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্যন্ত পেশাদারিত্ব ও সতর্কতার সাথে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, প্রতারণা ও সাইবার অপরাধ দমনে র্যাবের ভূমিকা সর্বমহলে প্রশংসিত। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩/০৯/২০২৬ তারিখ রাত ৫:০০ ঘটিকায় নওগাঁ জেলার মান্দা থানাধীন মান্দা উপজেলা পরিষদের মূল ফটকের বিপরীতে প্রসাদপুর গ্রামস্থ "সরকার কম্পিউটার ও অনলাইন পয়েন্ট" এ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ আব্দুস সালাম সরকার (২৬) কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুস সালাম ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন অফিসে অস্থায়ীভাবে কাজ করার সুবাদে বিভিন্ন তথ্যের অ্যাক্সেস পায়। পরবর্তীতে সে web page http://e-seba24.top/m-alik2/dashboard.php এবং বিভিন্ন WhatsApp আইডি ব্যবহার করে টাকার বিনিময়ে সাধারণ মানুষের স্পর্শকাতর তথ্য বিক্রি করত।
র্যাবের তদন্তে উঠে এসেছে, ধৃত আসামি ও তার অজ্ঞাত সহযোগীরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বিভিন্ন সার্ভার হ্যাক করে জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি), সিডিএমএস, বিকাশ/নগদ রেজিস্ট্রেশন, মোবাইল সিমের লোকেশন, সিডিআর ও এসএমএস লিস্ট এর মতো গোপনীয় তথ্য সংগ্রহ ও সরবরাহ করত। এই তথ্য ব্যবহার করে তারা বিকাশ-নগদের মাধ্যমে অবৈধ আয় করত। অভিযানে ধৃত আসামীর মোবাইল থেকে একাধিক সিডিআর ও বিভিন্ন নাম্বারের লোকেশন পাওয়া গেছে। এ বিষয়ে র্যাব-৫ জানায়, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল প্রতারকদের আইনের আওতায় আনাই তাদের প্রধান লক্ষ্য। র্যাবের তৎপরতার কারণে ইতোমধ্যে নওগাঁ অঞ্চলে এ ধরনের সাইবার অপরাধ অনেকাংশে কমে এসেছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। র্যাব জানিয়েছে, এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।
র্যাবের এই দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এলাকার জনগণ স্বস্তি প্রকাশ করেছেন এবং র্যাবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।