লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি জানিয়েছে, ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামে দুটি ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
হুতিদের দাবি, হামলার ফলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
হামলার পর হুতিরা অভিযোগ করে, গত ১২ বছর ধরে সৌদি আরব ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এর প্রতিক্রিয়ায় সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকর করা হয়েছে বলেও তারা দাবি করে।
তবে যুক্তরাজ্যভিত্তিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে আগুন লাগে। তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে সংস্থাটি বিস্তারিত তথ্য দেয়নি।
চলতি সপ্তাহেই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার কথা জানায়। তারা সতর্ক করে বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মান্দেব প্রণালি দিয়ে সৌদিসংশ্লিষ্ট কোনো জাহাজ প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।