নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 20-07-2026

নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তর চেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর হেতেম খাঁ এলাকায় নেসকোর হেড অফিসের সামনে ‘রাজশাহীবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বোয়ালিয়া (পশ্চিম) থানা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক প্রভাবে নেসকোর হেড অফিস বগুড়ার স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে রাজশাহীবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। দাবি বাস্তবায়ন না হলে হরতালসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

মানববন্ধন শেষে নেসকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) আফাজ উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে বলা হয়, নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের উদ্যোগের খবরে রাজশাহীবাসীর মধ্যে উদ্বেগ, ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব হ্রাস পাওয়ার পাশাপাশি কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হবে। তাই নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এর আগে গত ১৬ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত দিতে বলা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নেসকো বগুড়ায় স্থানান্তরের জন্য বিদ্যুৎমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠালে মন্ত্রণালয় এই উদ্যোগ গ্রহণ করে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার