২৫ ঘণ্টা পর শ্রমিক ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু


, আপডেট করা হয়েছে : 15-07-2026

২৫ ঘণ্টা পর শ্রমিক ধর্মঘট প্রত্যাহার, রাজশাহীতে বাস চলাচল শুরু

প্রায় ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার রাত ১০টা থেকে আন্তজেলা ও দূরপাল্লাসহ সব ধরনের গণপরিবহন চলাচল পুনরায় শুরু হয়।


শ্রমিক নেতাদের ভাষ্য, নির্বাচন নিয়ে মঙ্গলবার বিকেলে তারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। সেখানে বেশির ভাগ শ্রমিক সাধারণ সভা করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের দাবি জানান। তবে জেলা প্রশাসক তা নাকচ করে নিজেই নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেন। ওই প্রস্তাবে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালকে রাখার কথাও বলা হয়।


শ্রমিকেরা জেলা প্রশাসকের ওই প্রস্তাব মানেননি। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিরোধটি চলছিল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা রফিকুল ইসলাম পাখি ও মোমিনুল ইসলাম মোমিন গ্রুপের মধ্যে।


এই অবস্থায় সমস্যার সমাধানে জেলা প্রশাসক রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার নূর আলম সিদ্দিকীকে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্ব দেন। তিনি দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন।


বৈঠকে সিদ্ধান্ত হয়, মোমিন গ্রুপের শ্রমিকদের দাবি অনুযায়ী নির্বাচন পরিচালনা কমিটিতে নজরুল ইসলাম হেলাল থাকবেন না। জেলা প্রশাসকের তত্ত্বাবধানেই নির্বাচন হবে। নির্বাচনকালে টার্মিনাল পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি থাকবে। ওই কমিটিতে দুই পক্ষের চারজন করে মোট আটজন সদস্য থাকবেন। এতে দুই পক্ষ সম্মত হয় এবং মঙ্গলবার সন্ধ্যায় বাস চালুর ঘোষণা দেয়।


তবে পরে লিটন আলী নামের আরেক শ্রমিক নেতা এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। নির্বাচন না হওয়া পর্যন্ত কোনো বাস চলবে না বলে তিনি তার অনুসারীদের নিয়ে টার্মিনাল এলাকায় মাইকিং করতে থাকেন। ফলে সন্ধ্যার ঘোষণার পরও কোনো বাস ছেড়ে যেতে পারেনি।


পরে সমঝোতা হলে মঙ্গলবার রাত ১০টা থেকে বাস চলাচল শুরু হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার