নরসিংদী শহরের তরোয়া এলাকায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) ভোরে চট্টগ্রাম-ঢাকাগামী রেলপথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে তরোয়া মাজার এলাকার রেললাইনের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে দুপুরের দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায়। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা কাশেম মিয়া বলেন, “লোকটিকে গত দুই থেকে তিন মাস ধরে মাজার এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করতে দেখেছি। তিনি ময়লার স্তূপ থেকে কাগজ ও প্লাস্টিকের বোতল সংগ্রহ করতেন এবং রাতে মাজারের আশপাশে ঘুমাতেন। ট্রেন চলাচলের সময় প্রায়ই তাকে রেললাইনের কাছে যেতে দেখা যেত।”
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিলীপ চন্দ্র সরকার বলেন, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কোনো ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে)জানানো হয়েছে।