চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস


, আপডেট করা হয়েছে : 24-06-2026

চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে ফায়ার  সার্ভিস

চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটের দোতলায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।


বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের একটি দোকানে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। 


খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, পরে শিবগঞ্জ থেকে ২টি ও নাচোল থেকে আরও ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তারা স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টা পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।


চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক  শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। তারপর প্রাথমিকভাবে ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচোল উপজেলা থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার