ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নৌ চলাচল সংকটের কারণে হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী ১৩টি জাহাজে থাকা ৫৬২ জন ভারতীয় নাবিক গত ১০৭ দিন ধরে আটকা রয়েছেন।
রোববার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আটকে থাকা নাবিকদের মধ্যে ৩২৯ জন হরমুজ প্রণালির পশ্চিমাংশে এবং ২৩৩ জন ওমান উপসাগরের পূর্বদিকে অবস্থান করছেন। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অনিশ্চিত পরিস্থিতিতে থাকার কারণে তাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে।
এদিকে হরমুজে আটকে থাকা ভারতীয় পতাকাবাহী জাহাজ ‘এমটি সেলেস্টিয়াল’-এ কর্মরত ভারতীয় নাগরিক নিশান্ত উরথানাথন অসুস্থ হয়ে মারা গেছেন। ওমানের রাজধানী মাস্কটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, তার মরদেহ দ্রুত ভারতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তার মৃতদেহ জাহাজ থেকে নামানো এবং যত দ্রুত সম্ভব ভারতে প্রত্যাবাসনের চেষ্টা চলছে।’ বর্তমানে জাহাজটি দুকম বন্দরে অবস্থান করছে।
অন্যদিকে, ভারতের পতাকাবাহী ‘বিরাট ১’ নামের একটি পালতোলা জাহাজকে ঘিরেও নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। ওমান উপকূলের কাছে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেলে ১৪ জন ভারতীয় ক্রু নিরাপত্তার জন্য উদ্ধার নৌকায় আশ্রয় নেন।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান কর্তৃপক্ষ এবং আশপাশে থাকা অন্যান্য জাহাজের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে নাবিকদের নিরাপদে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংকটের পর থেকেই এসব ভারতীয় নাবিক হরমুজ প্রণালি ও ওমান উপসাগর এলাকায় আটকা পড়ে আছেন। দীর্ঘ এই অনিশ্চয়তার কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন ও কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।