যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে হরমুজ প্রণালিতে একাধিক ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
শনিবার (১৩ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন হরমুজ প্রণালি অতিক্রমরত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। তবে মার্কিন বাহিনী সব ড্রোন ভূপাতিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম দাবি করে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ এখনো উন্মুক্ত আছে।
বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় ছোড়া সব ড্রোন ধ্বংস করা হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই অব্যাহত রয়েছে।’
এর আগে গত বুধবার রাতে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের নির্দেশ দেয় ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি (পিজিএসএ) এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ‘এই অঞ্চলে মার্কিন বাহিনীর আগ্রাসনের কারণে সৃষ্ট উত্তেজনা এবং গত রাতে ইরানের সশস্ত্র বাহিনীর ঘোষণার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালি।’
সংস্থাটি বলেছে, ‘যাদের চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল, সেই আবেদনকারীদের ধৈর্য ধারণ এবং পিজিএসএর নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে।’
উত্তেজনার সূত্রপাত হয় গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায়। ইরান সেটি ভূপাতিত করেছে বলে অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর পরদিন রাতে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান।
পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বুধবার গভীর রাতে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে গত এপ্রিলে হওয়া যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ইতোমধ্যে ওই যুদ্ধবিরতিকে কার্যত অর্থহীন বলে উল্লেখ করেছে।