আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ডিরেক্ট রিলিফের অনুদানে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের ওষুধ পেয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। যুক্তরাষ্ট্রভিত্তিক এ সংস্থার দেওয়া ওষুধ রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিপুল পরিমাণ এই ওষুধ হাসপাতালটিতে পৌঁছায়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, এদিন হাসপাতালে বায়োলজিক ড্রাগ ‘অ্যাডালিমুমাব’-এর ৬৯৬টি সিরিঞ্জ পৌঁছেছে। এসব ওষুধের বাজারমূল্য প্রায় ২৮ কোটি টাকা।
তিনি বলেন, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ভর্তি রোগীদের এই ব্যয়বহুল ওষুধ বিনামূল্যে দেওয়া হবে। কোন রোগীর ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করা হবে, সে বিষয়ে তদারকি করবেন অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ।
ডিরেক্ট রিলিফ বিশ্বের বিভিন্ন দেশে জরুরি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা প্রদানকারী একটি আন্তর্জাতিক মানবিক সংস্থা। নগদ অর্থের পরিবর্তে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরাসরি সরবরাহের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে থাকে।
এর আগে চলতি বছরের মার্চ মাসে অধ্যাপক ডা. আজিজুল হক আজাদের উদ্যোগে ডিরেক্ট রিলিফ থেকে প্রায় ১০০ কোটি টাকা মূল্যের ওষুধ রামেক হাসপাতালে আসে। এছাড়া ২০২৫ সালের নভেম্বরে প্রায় ৩৬ কোটি টাকার ওষুধ এবং একই বছরের আগস্টে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের উদ্যোগে হৃদরোগীদের জন্য প্রায় ১৭ কোটি টাকা মূল্যের অ্যাল্টেপ্লেস ওষুধ আনা হয়। এসব ওষুধও রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে।
অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, বিদেশ থেকে ওষুধ আনতে হাসপাতালের পরিচালক ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক সার্বিক সহযোগিতা করে আসছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিনামূল্যে এসব ওষুধ পাওয়ায় অসংখ্য রোগী উপকৃত হচ্ছেন এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।