ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!


, আপডেট করা হয়েছে : 08-06-2026

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে চালানো সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।


প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান হামলা বন্ধ রেখেছে। তবে একই সঙ্গে ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোয় হামলা অব্যাহত রাখে, তাহলে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোয় হামলা চালাবে ইসরায়েল।


চ্যানেল ১২’র প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান আগামী কয়েক দিন পূর্ণ শক্তিতে অব্যাহত থাকবে।


তবে ইসরায়েলি কর্মকর্তার এ দাবিগুলোর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


এর আগে ইসরায়েলে হামলার বন্ধের ঘোষণা দেয় ইরান। একইসঙ্গে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় ও লেবাননে আগ্রাসন চালায় তাদের কঠোর জবাব দেওয়া হবে।


সোমবার (৮ জুন) নিজের ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বলার পর ইরানের পক্ষ থেকে এ ঘোষণা আসে।


ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটি ইরানি গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেওয়া হলো।’


বিবৃতিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে জোর দেওয়া হচ্ছে, দক্ষিণ লেবাননসহ অন্যান্য স্থানেও যদি এই আগ্রাসন ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, তাহলে আগের চেয়ে আরও অনেক বেশি কঠোর ও দমনমূলক ব্যবস্থা নেওয়া হবে।


রোববার ভোরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে রাজধানী বৈরুতে হামলা চালায় ইসরায়েল, যেটি না করতে হুঁশিয়ারি দিয়েছিল ইরান।


আইআরজিসি বলেছিল, বৈরুতে হামলা হলে ইসরায়েল জবাব পাবে।


সে অনুযায়ী, রোববার রাতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। পরে ট্রাম্প ইসরায়েলকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকতে বলেন।


কয়েক ঘণ্টা নিরব থাকার পর সেই নির্দেশনা উপেক্ষা করে তেহরান, তাবরিজসহ একাধিক স্থানে বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরপর সোমবার সকাল পর্যন্ত দুপক্ষে দফায় দফায় হামলা পাল্টা হামলা চলতে থাকে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার