কক্সবাজারে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ৫০


, আপডেট করা হয়েছে : 08-06-2026

কক্সবাজারে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে শিশু নিহত, আহত ৫০

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।


সোমবার (৮ জুন) বেলা সোয়া ২টার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় এই দুর্ঘটনা ঘটে। আহতদেরকে মালুমঘাট ও চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মাঝে চালক-হেলপারসহ নারী যাত্রীদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।


তবে তাৎক্ষণিক আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালী মেদাকচ্ছপিয়া ঢালায় কক্সবাজারমুখী ‘এভারগ্রীন’ এসি বাসের সঙ্গে ‘চকরিয়া সার্ভিস’ মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ভয়াবহতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে উপরের চালা রাস্তায় আর গাড়ির বডি রাস্তার পশ্চিমপাশের ফুটপাতে চলে যায়। অন্যদিকে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পূর্বপাশে সম্মুখভাগ আর বডি রাস্তার উপর হয়ে যায় এভারগ্রীণ বাসটি। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরানোর প্রচেষ্টা শুরু করেছে।


মালুমঘাট হাইওয়ে থানার ওসি মাহবুব বলেন, এই দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। বাস দুটি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার