অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবীরা, উপহার দিল হুইলচেয়ার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 28-03-2026

অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবীরা, উপহার দিল হুইলচেয়ার

দীর্ঘ প্রায় এক দশক ধরে শয্যাশায়ী ছিলেন ১১০ বছর বয়সী বৃদ্ধা জমেলা বেগম। বয়সের ভার ও নানা শারীরিক জটিলতায় তার জীবন কাটছিল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে। অবশেষে সেই বন্দি জীবনের অবসান ঘটেছে—একটি হুইলচেয়ারের মাধ্যমে নতুন করে চলাফেরার সুযোগ পেলেন এই শতবর্ষী নারী।


সম্প্রতি রাজশাহী নগরীর সবজিপাড়া এলাকায় জমেলা বেগমের বাসায় গিয়ে সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এক সহৃদয়বান নারীর সহযোগিতায় তাকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেওয়া হয়। দীর্ঘদিন পর চলাচলের অবলম্বন পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি। হুইলচেয়ার হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এবং সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় তিনি এই মহতী উদ্যোগের সঙ্গে জড়িত সবার জন্য প্রাণভরে দোয়া করেন।


হুইলচেয়ার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রফিকুল ইসলাম রবি, সহ-সভাপতি মাসুদুল মৃধা মোমিন, অ্যাডমিন ফাহিম, সদস্য বিপ্লব ও মানিক, সহ-সভাপতি মাহবুব এবং বাংলাদেশ আনসার ভিডিপির ১৮ নম্বর ওয়ার্ড দলনেতা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মোহন আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, গত প্রায় ১৮ বছর ধরে তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে চান। প্রতিষ্ঠাতা সভাপতি মোহন আলী জানান, তাদের কাছে আরও বেশ কিছু হুইলচেয়ার সহায়তা এবং নলকূপ মেরামত ও স্থাপনের অনুরোধ রয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার