সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সরকার


, আপডেট করা হয়েছে : 12-01-2026

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ঋণ নিচ্ছে সরকার

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১০ বছর মেয়াদি শরীয়াহ ভিত্তিক সুকুক ইস্যু করা হচ্ছে। এ বিনিয়োগের বিপরীতে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা পাবে সম্মিলিত ইসলামী ব্যাংক।



রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংক জানায়, গেল ৭ ও ৮ জানুয়ারি ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে গঠিত শরীয়াহ অ্যাডভাইজরি কমিটি সুকুক ইস্যু বিষয়ক সভা করে। এতে সদস্যরা ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যুর বিষয়ে একমত হন।


সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কিছু নির্দিষ্ট ট্রেন সেবা এই সুকুকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ নামের এই সুকুক প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি ব্যাংকের কাছে ইস্যু করা হবে। সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।


সংশ্লিষ্টদের মতে, এই সুকুক ইস্যুর মাধ্যমে সরকার একদিকে যেমন উন্নয়ন প্রকল্পে বড় অঙ্কের অর্থ পাবে, অন্যদিকে সুদবিহীন বা ইসলামী পদ্ধতিতে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে এটি ইসলামী ব্যাংকিং খাতের জন্যও একটি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে কাজ করবে।


সম্প্রতি ৫ ব্যাংক একীভুত করে করা হয় সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ারের বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার