সাহসিকতা, পেশাদারিত্ব ও সেবার অনন্য স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা’য় ভূষিত হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সুযোগ্য পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মানজনক পদক প্রদান করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদানের পর থেকেই মোহাম্মদ ফয়েজুল কবির রাজশাহী মহানগরীকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সুদক্ষ নেতৃত্ব, কঠোর জিরো টলারেন্স নীতি ও সময়োপযোগী দিক-নির্দেশনায় আরএমপি’র আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও চাঞ্চল্যকর অপরাধ দমনে তাঁর নেওয়া সাহসী পদক্ষেপ ইতোমধ্যে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। একজন সৎ, বিনয়ী, মানবিক ও অত্যন্ত পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি ফোর্সের ভেতরে-বাইরে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে আরএমপি এখন শুধু একটি পুলিশ ইউনিট নয়, বরং জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। এই গৌরবময় অর্জনে আরএমপি’র সকল অতিরিক্ত কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ থেকে পুলিশ কমিশনার মহোদয়কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আরএমপির পক্ষ থেকে বলা হয়, এই পদক শুধু পুলিশ কমিশনার মহোদয়ের একার সম্মান নয়, এটি পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্য একটি জাতীয় স্বীকৃতি। তাঁর মতো একজন দূরদর্শী ও কর্মবীর অভিভাবক পেয়ে আমরা গর্বিত। তাঁর নেতৃত্বে আরএমপি আরও এগিয়ে যাবে। নগরীর সুশীল সমাজ ও সাধারণ মানুষ মনে করেন, এই পদক প্রকৃতপক্ষে একজন যোগ্য ব্যক্তির যোগ্য সম্মান।