ব্যালন ডি’অরে ব্রাজিল তারকার নাম না থাকাকে ‘জোক’ বললেন সেভিয়া কোচ


, আপডেট করা হয়েছে : 20-09-2026

ব্যালন ডি’অরে ব্রাজিল তারকার নাম না থাকাকে ‘জোক’ বললেন সেভিয়া কোচ

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার নাম না থাকাকে ‘জোক’ বা রসিকতা বলে মন্তব্য করেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া। শনিবার রাতে লা লিগায় রাফিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিক দেখার পর এমন মন্তব্য করেন তিনি।



সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা শুরুতে এগিয়ে গেলেও রাফিনহার দুর্দান্ত পারফরম্যান্সে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচে তিন গোলই করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।



এর আগে মাঝ সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন রাফিনিয়া। অর্থাৎ টানা দুই ম্যাচে তিনটি করে গোল করেছেন তিনি। চলতি মৌসুমে লা লিগায় তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২টি। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৪ গোল।



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাফিনিয়ার বালন ডি’অর মনোনয়ন না পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে সেভিয়া কোচ লুইস গার্সিয়া বলেন, ‘ব্যালন ডি’অরের জন্য তার মনোনয়নও না থাকা একটি জোক। সে একজন ম্যাচ উইনার। এ কারণেই আমি এসব পুরস্কারে বিশ্বাস করি না। সে সবকিছুই করে।’



চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগে বড় পরিবর্তন এসেছে। রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর কোচ হান্সি ফ্লিক রাফিনহাকে মূল স্ট্রাইকার হিসেবে খেলাচ্ছেন। নতুন পজিশনে দারুণভাবে মানিয়ে নিয়ে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি।



সেভিয়ার বিপক্ষে রাফিনহার পারফরম্যান্সের প্রশংসা করেছেন ফ্লিকও। ম্যাচ শেষে বার্সা কোচ বলেন, ‘এই মৌসুমে সে অসাধারণ। আজ দ্বিতীয়ার্ধে তার পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। আমরা রাফিনিয়ার মান জানি এবং তাকে নিয়ে আমরা খুবই খুশি।’



এদিকে, রাফিনিয়ার সঙ্গে চুক্তি নবায়নের বিষয়েও সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ডেকো জানিয়েছেন, ব্রাজিলিয়ান তারকার সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার