রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনের মামলার পরোয়ানাভুক্ত ২ আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ নভেম্বর দুর্গাপুর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ২৫ নভেম্বর সকালে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি চৌকস টিম ২৪ নভেম্বর দিনভর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ১, মোঃ মুনছের মিয়াজী, পিতা- মৃত রুহুল আমিন মিয়াজী, সাং- আলীপুর,
২, মোঃ মেহেদী হাসান (২৬), পিতা- মোঃ হেলাল উদ্দিন, সাং- সায়বার,
৩, মোঃ জুলহাস তোতা, পিতা- মোঃ হান্নান আলী, সাং- দেবীপুর, সর্ব থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। এর মধ্যে মুনছের মিয়াজী ও মেহেদী হাসান সন্ত্রাস বিরোধী আইনের মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। অপর আসামি জুলহাস তোতা ভ্রাম্যমাণ আদালত কর্তৃক প্রদত্ত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারের পর ২৫ নভেম্বর সকালে তাদেরকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় দুর্গাপুর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।