আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট


, আপডেট করা হয়েছে : 20-11-2026

আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট আগামী সপ্তাহে বাজারে আসছে। তবে ১০০ টাকার নোট নতুন নকশায় নয়, আগের নকশাতেই বাজারে ছাড়া হবে। নতুন নোটের সরবরাহ বাড়লে বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের সংকট কাটতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা।



বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।



তিনি বলেন, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে টাঁকশাল এসব নোট বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। এরপর ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে সরবরাহ করা হবে।



নতুন নোট বাজারে ছাড়ার পরিকল্পনা চলতি সপ্তাহে থাকলেও গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে নোট পরিবহনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। ফলে নির্ধারিত সময়ে নোট বাজারে ছাড়া সম্ভব হয়নি বলে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।



দেশে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১ হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট ছাপায় বাংলাদেশ ব্যাংক। এসব নোটে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সই থাকে। অন্যদিকে, ১, ২ ও ৫ টাকা মূল্যমানের নোট সরকারি নোট। এসব নোটে অর্থসচিবের সই থাকে। তবে উভয় ধরনের নোট ছাপানোর দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের।



নতুন নোটের সরবরাহ কম থাকায় বাজারে ছেঁড়া-ফাটা ও পুরোনো নোটের আধিক্য দেখা দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন নোটের নকশা পরিবর্তন ও সরবরাহ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় এ সংকট আরও প্রকট হয়েছে।



সংশ্লিষ্টদের আশা, নতুন নকশার নোট বাজারে আসার পাশাপাশি সরবরাহ বাড়লে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের সংকট কমবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার