রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রল বো`মা নিক্ষেপ


, আপডেট করা হয়েছে : 18-11-2026

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রল বো`মা নিক্ষেপ

রাজশাহীতে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর বনলতা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভবনের বারান্দায় আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ওই ভবনটিতে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় প্রধান কার্যালয় অবস্থিত।


এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে কার্যালয়গুলো লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেন এবং ভবনের বারান্দায় আগুন ধরে যায়। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও অন্তত দুজন পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন এবং হামলাকারীদের ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শোনা যায়। বোমা নিক্ষেপের পরপরই দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


এ বিষয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের না হলেও পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


ওসি আরও জানান, হামলায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার