সম্প্রতি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তার অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা।
সেইসঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করে প্রথম ম্যাচেই হারের তেঁতো স্বাদ পেলেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। হারলেও এই ম্যাচে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন তিনি।
মেসি পরবর্তী যুগের শুরুতে নতুন খেলোয়াড়দের প্রতি ধৈর্য ধরার অনুরোধ করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না।’
দ্বিতীয়ার্ধে উরুগুয়ে দুটি গোল করলেও দলের ভালো কিছু মুহূর্ত লক্ষ করেছেন ২০২২ বিশ্বকাপ জয়ী কোচ, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। তিনি বলেন, ‘যৌক্তিকভাবে কিছু বিষয় সংশোধন করার আছে। আমরা জানতাম তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। এটাই আমাদের করতে হবে, কাজ করে যেতে হবে।’
মেসি না থাকায় পুরো দলকে নতুন করে গড়ে তুলতে হবে স্বীকার করলেন স্কালোনি। তিনি বলেন, ‘তারা তরুণ এবং আমরা বিশ্বাস করি আমাদের সঠিক মুহূর্তগুলো খুঁজতে হবে। দুর্ভাগ্যবশত, আজ আমরা তাদের ফুটবল উপভোগের জন্য সঠিক সময় খুঁজে পাইনি। আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ তারা তরুণ যারা তাদের সবটুকু দেবে। আমরা তাদের কাছ থেকে দলকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে যাওয়ার আশা করতে পারি না। এটা কঠিন, বিশেষ করে একটি দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে।’
আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‘হেরে যাওয়ার অনেক উপায় আছে। আমরাও আমাদের সুযোগ পেয়েছিলাম। প্রতিপক্ষ যখন কঠিন পরিস্থিতিতে ফেলে, তখন তাদের অভিনন্দন জানাতে হয়। আমরা সব কাজ করেছি, কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার পাইনি। এটার জন্য পরিকল্পনা করা যায় না।’