ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নিবন্ধনের আবেদন ফরমে মূল বিধিমালার বাইরে অতিরিক্ত চার ধরনের তথ্য দিতে হবে আবেদনকারীদের। এসব তথ্যের মধ্যে রয়েছে আবেদনকারীর এলাকার নাম, পেশা, মাসিক আয় এবং তিনি নিজেই ই-রিকশা চালাবেন কি না।
নতুন তথ্যগুলো আবেদন ফরমে যুক্ত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে ডিএনসিসি। অনুমোদন পাওয়ার পর ফরম ছাপানো ও বিতরণের কাজ শুরু হবে। পাশাপাশি নিবন্ধনের জন্য ই-রিকশার সংখ্যা নির্ধারণ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের অনুমোদন এবং ট্রাফিক বিভাগের সঙ্গে এলাকার সীমানা সমন্বয়ের কাজ চলছে।
ডিএনসিসির রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম জানান, আবেদন ফরমে অতিরিক্ত চারটি বিষয় যুক্ত করার জন্য মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে। অনুমোদন পেলে ফরম ছাপানোর কাজ শুরু হবে।
এক লাখ ফরম বিক্রির পরিকল্পনা
ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশা নিবন্ধন ফরম বিক্রির প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এসব অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি এলাকার সঙ্গে সমন্বয় করা হবে।
চারটি ট্রাফিক এলাকার জন্য চার রঙের আলাদা আবেদন ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক জোনের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের নাম উল্লেখ থাকবে।
তবে ঠিক কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জরিপ করছে। তাদের সঙ্গে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি এলাকায় কতটি ই-রিকশা চলতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে ফরম বিতরণের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।
গাড়ি কেনার পর জমা দিতে হবে আবেদন
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা আগে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে ই-রিকশা না কিনে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে গাড়ি কেনার পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
আবেদন ফরমে ই-রিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।
ই-রিকশা তৈরি করতে অনুমতি পেয়েছে ৭ প্রতিষ্ঠান
ডিএনসিসির রাজস্ব বিভাগের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠান নির্ধারিত নকশায় ই-রিকশা উৎপাদনের অনুমতি পেয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। বাকি দুটি এখনো উৎপাদনে যায়নি।
উৎপাদন শুরু করা প্রতিষ্ঠানগুলো হলো নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস।
নির্দিষ্ট এলাকার বাইরে চলবে না ই-রিকশা
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এই বিধিমালা কার্যকর হবে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত গাড়ির জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিকভাবে চালানো যাবে না।
এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষের নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন কোন সড়কে ই-রিকশা চলবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।
গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটিতে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের ই-রিকশার রং আলাদা হবে। এক জোনে নিবন্ধিত গাড়ি অন্য জোনে চলতে পারবে না।
তিনি আরও জানান, চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধনপ্রক্রিয়া এগিয়ে গেলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।
দক্ষিণ সিটিতে ফরম বিক্রি শুরু, নিবন্ধন দেবে দেড় লাখ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ইতোমধ্যে ই-রিকশার নিবন্ধন আবেদন ফরম বিক্রি শুরু করেছে। তবে ফরম সংগ্রহ করলেই গাড়ি চালানোর অনুমতি পাওয়া যাবে না বলে স্পষ্ট করেছে সংস্থাটি।
গাড়ি নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। পাশাপাশি বুয়েটের ছাড়পত্রসহ বিধিমালার অন্যান্য শর্ত পূরণ করে আবেদন জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে।
ডিএসসিসি প্রাথমিকভাবে তাদের আওতাধীন ১০টি অঞ্চলে ১৫ হাজার করে মোট দেড় লাখ ই-রিকশার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, ডিএনসিসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী এক লাখ ফরম বিক্রি করা হলে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় মোট আড়াই লাখ ই-রিকশার নিবন্ধনের সুযোগ তৈরি হতে পারে।